স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮২ জন।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে এবং এই বিভাগেই ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও ১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১০৫ জন।
চিকিৎসা ও সুস্থতার বিষয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন।