​নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া :

বরিশালের বানারীপাড়া উপজেলায় জামায়াতের সদস্য সন্দেহে তাবলিগ জামাতের একটি নারী দলের সদস্যদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হয়রানি ও অপমানের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি নেতা শাকিল আহমেদ ও স্থানীয় মহিলা দল নেত্রী আফসানা মিতুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ২ নম্বর ইলুহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকরা।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সোমবার সকাল ১১টার দিকে ইলুহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মামুন চৌকিদারের বাড়িতে (মো. আলমগীর হোসেন, পিতা: মো. আব্দুল লতিফ) দ্বীনি শিক্ষা ও ইসলামের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে তাবলিগ জামাতের একটি নারী দল অবস্থান করছিল। এ সময় স্থানীয় মহিলা দল নেত্রী আফসানা মিতু সেখানে উপস্থিত হয়ে বিষয়টি বিএনপি নেতা শাকিল আহমেদকে জানান।

​এরপর শাকিল আহমেদ ও তাঁর অনুসারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে ‘জঙ্গি প্রশিক্ষণ’ চলছে বলে ভিত্তিহীন অভিযোগ তোলেন। অভিযোগ রয়েছে, এ সময় তাবলিগের নারী সদস্য ও আয়োজকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তাঁদের অপমান করা হয়।

​পরিস্থিতি উত্তপ্ত করে একপর্যায়ে বিএনপি নেতা শাকিল আহমেদ থানায় খবর দিলে বানারীপাড়া থানার অধীন লবণসাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে উপস্থিত নারী সদস্য ও আয়োজকদের বক্তব্য শোনে এবং তাঁদের মোবাইল ফোনসহ পারিপার্শ্বিক বিষয়াদি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে। তবে কোনো ধরনের সন্দেহজনক বা অসংলগ্ন বিষয় না পেয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

​এ বিষয়ে লবণসাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, “ওসি স্যারের কাছে ফোন আসার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে সবার বক্তব্য, মোবাইল ফোন এবং পারিপার্শ্বিক বিষয়াদি যাচাই করে অসংলগ্ন কোনো কিছু পাইনি। এরপর আমরা চলে আসি।”

​এদিকে এই অনভিপ্রেত ঘটনার পর ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সচেতন ও শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়। এতে এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে।
​প্রতিবাদলিপিতে বলা হয়, রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে নিরীহ মানুষকে হয়রানি করা এবং সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয় জনসাধারণ বিএনপি নেতা শাকিল আহমেদ, আফসানা মিতু ও তাঁদের সহযোগীদের এহেন আচরণের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এলাকায় এ ধরনের হয়রানি ও অপসংস্কৃতি স্থায়ীভাবে বন্ধের জোর দাবি জানিয়েছেন।