বরিশাল প্রতিনিধি:

বরিশাল চরমোনাই মাদ্রাসার আসন্ন বাৎসরিক মাহফিল উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা জোরদারে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ (০৪ নভেম্বর ২০২৬) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিএমপি পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

​সভায় মাহফিলে আগত দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির নিরাপত্তা, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা এবং তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাহফিল চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলা করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় ও নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

​উক্ত সভায় বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল সিভিল সার্জন কার্যালয়, এসআরবি, ডিজিএফআই, এনএসআই, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং চরমোনাই মাহফিল পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

​জনস্বার্থে মাহফিল এলাকা ও এর আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সার্বক্ষণিক মনিটরিং বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।