সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পিছিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ হিসেবে আগামী ৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে মামলার প্রতিবেদন দাখিলের তারিখ মোট ১৩১ বারের মতো পেছাল।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও সংশ্লিষ্ট তদন্ত সংস্থা তা জমা দিতে ব্যর্থ হয়। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

​প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এই ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সময় র‍্যাব মামলাটির তদন্ত করার পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব পরিবর্তন করা হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে তদন্তের ভার হস্তান্তর করা হয়।