তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে আরও ১২৫টি প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থায়ন রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআরের দুটি গোয়েন্দা ইউনিট সূত্রে জানা গেছে, এই তালিকার বেশিরভাগ ব্যক্তিই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। তালিকায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীদের নাম রয়েছে। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ ও তাজুল ইসলাম।
এছাড়া ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নাম রয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও এই জব্দের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকায় ক্রিকেটার সাকিব আল হাসানের বোনের জামাই আলিফ মোল্লার নামও পাওয়া গেছে। এনবিআরের সূত্র জানিয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেনের তথ্য মিলেছে।
এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কয়েকটি সরকারি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের কেউ কারাগারে আছেন, আবার কেউ পলাতক। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনো শেষ হয়নি এবং তদন্ত সাপেক্ষে এই তালিকা আরও দীর্ঘ হতে পারে।