পটুয়াখালী প্রতিনিধি:
পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্বামীর সঙ্গে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ডা. নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রির শিক্ষার্থী ছিলেন। তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ঢাকা থেকে স্বামী ও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন নাবিলা। শনিবার বিকেলে একটি ইজিবাইক ভাড়া করে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দর্শনে যান। সন্ধ্যায় হোটেল ফেরার পথে আজিমপুর বটতলা এলাকায় পৌঁছালে চলন্ত ইজিবাইকের নিচে একটি বিড়াল চলে আসে। বিড়ালটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার সময় যাত্রীরা ছিটকে পড়েন এবং ইজিবাইকের নিচে ডা. নাবিলার মাথা চেপে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেন। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সংক্রান্ত ও এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।