নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ নভেম্বর থেকে অনলাইনে এই ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে। আর নির্ধারিত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।
গতকাল শনিবার বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এবারের ভর্তি প্রক্রিয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের প্রভাব এবং আবেদনের যোগ্যতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে এবার সারা দেশে জিপিএ-৫ পাপ্ত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৪০ হাজার, যার মধ্যে বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতিতে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৭০২ জন। বুয়েটে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং এইচএসসি বা সমমানে জিপিএ-৫ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ‘এ প্লাস’ থাকতে হয়। এর ফলে এবার আবেদনকারীর সংখ্যা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুন:পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় এবং ১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের পরিকল্পনা করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের ভর্তি পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে।
বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পক্ষে সর্বমোট ১০ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এর চেয়ে বেশি হওয়ায় এবং আসন বা পরীক্ষার অবকাঠামোগত জায়গা সীমিত থাকায় বুয়েট তাদের পূর্বনির্ধারিত ভর্তি আবেদনের যোগ্যতা শিথিল করার কোনো প্রয়োজনীয়তা দেখছে না। এছাড়া ভর্তির আবেদনের সময়সীমা কবে শেষ হবে, সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।