​নিজস্ব প্রতিবেদক

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, বরিশালের যৌথ উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার বলেছেন, সমবায়ের মূল লক্ষ্য সম্মিলিতভাবে কাজ করে বৃহত্তর উন্নয়ন নিশ্চিত করা।
​রবিবার সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের অর্থনৈতিক মুক্তি, পারস্পরিক কল্যাণ, দারিদ্র্য বিমোচন এবং জীবনযাত্রার মানোন্নয়নে সমবায়ের বিকল্প নেই। সমবায়ের মাধ্যমেই বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তবে সময়ের সঙ্গে দেশের সমবায় কার্যক্রম কাঙ্ক্ষিত মাত্রায় এগোয়নি উল্লেখ করে তিনি মাঠপর্যায়ে সমবায় কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

​সমবায় সমিতিতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রধান অতিথি বলেন, কেবল সমবায় গঠন করলেই হবে না, এর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণও নিশ্চিত করতে হবে। সমিতিতে দলীয়করণ, অনিয়ম ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে হবে। কোনো সমবায় প্রতিষ্ঠান ভেঙে গেলে সাধারণ সদস্যদের আমানত ও অর্থ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

​তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় সমবায়ের সুযোগ-সুবিধা ও সাফল্যের বার্তা পৌঁছে দিতে হবে, যাতে তারা সমবায়মুখী হয়ে ওঠেন। রাজনৈতিক বা সরকার পরিবর্তনের সঙ্গে দেশের উন্নয়নে সমবায়ের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় না; তাই সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার মাধ্যমে সমবায় কার্যক্রম পরিচালনা করলে দেশের আর্থসামাজিক উন্নয়নে এটি অনন্য ভূমিকা রাখবে।

​অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার এবং বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. আতিকুল ইসলাম।
​অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১৫টি স্টল নিয়ে একটি সমবায় পণ্য মেলা বসে। মেলায় সমবায় সমিতির সদস্যদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত করা নকশিকাঁথা, ঐতিহ্যবাহী পোশাক, কারুশিল্প, কৃষি খাদ্যদ্রব্য এবং গৃহস্থালী নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। এছাড়া, অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ১১টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।