সচ্ছলতার আশায় লাওসে পাড়ি জমিয়ে চরম বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার হায়াতপুর গ্রামের ২১ বছর বয়সী তরুণ রায়হান উদ্দিন। দালাল চক্রের প্রতারণায় পড়ে গত সাত মাস ধরে জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। স্থানীয় পুলিশের গ্রেপ্তার এড়াতে তাঁকে পাহাড় ও জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে, আর দিনরাত কাজ করিয়েও দেওয়া হচ্ছে না কোনো মজুরি।

​ভুক্তভোগী রায়হানের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় দুই আদম ব্যবসায়ী—রেজাউল করিম ও সাজেদুর রহমানের মাধ্যমে চলতি বছরের মার্চ মাসে লাওসে যান রায়হান। ভালো চাকরি ও লোভনীয় বেতনের প্রতিশ্রুতি দিয়ে তাঁর পরিবারের কাছ থেকে নেওয়া হয় ৪ লাখ ৩০ হাজার টাকা। রায়হানের বাবা গোকুল হোসেন, যিনি পেশায় একজন ভ্যানচালক, জমি বিক্রি ও বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে এই টাকা জোগাড় করেছিলেন।

​তবে লাওসে পৌঁছানোর পরপরই পাল্টে যায় চিত্র। সেখানকার বিমানবন্দর থেকেই দালাল চক্রের সদস্যরা রায়হানের পাসপোর্টসহ সব প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেয়। দুই মাসের ট্যুরিস্ট ভিসায় যাওয়া রায়হানকে কোনো বৈধ কাজের সুযোগ না দিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। রায়হান জানান, পারমিট কার্ড কিংবা কাজের কথা বললেই নির্যাতন করা হয় এবং পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। দালালেরা তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাঁকে এক বছরের জন্য বিক্রি করে দেওয়া হয়েছে।

​বর্তমানে দালালদের হাত থেকে বাঁচতে এবং স্থানীয় পুলিশের অভিযান এড়াতে রায়হানসহ বাগমারার ৫ জন ও অন্যান্য মোট ১২ জন তরুণ পাহাড়ি জঙ্গলে দিন কাটাচ্ছেন। সেখানে ঠিকমতো খাবারও মেলে না; চার-পাঁচ দিন অনাহারে থেকে পাহাড়ি ফলমূল খেয়ে তাঁদের টিকে থাকতে হচ্ছে। কাজের বদলে উল্টো বাংলাদেশে থাকা রায়হানের পরিবারের কাছে আরও টাকা দাবি করছে দালালেরা। এদিকে ঋণের কিস্তি মেটাতে বৃদ্ধ বয়সেও ভ্যান চালিয়ে দিনপাত করছেন রায়হানের বাবা।

​ছেলেকে দেশে ফিরিয়ে আনা এবং প্রতারক দালালদের শাস্তির দাবিতে বাগমারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গোকুল হোসেন। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, অভিযোগটি গুরত্বসহকারে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।