​নিজস্ব প্রতিবেদক, নলছিটি:

আদালতের পরোয়ানায় গ্রেপ্তার এক ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ঝালকাঠির নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারনামীয় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলায় ৪১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

​পুলিশ জানায়, দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গত রবিবার দুপুরে আটক করা হয়। (উল্লেখ্য, ছাত্রলীগকে বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে)।

​পুলিশের ভাষ্যমতে, সিরাজুল ইসলামকে আটকের পর তার পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোক হঠাৎ পুলিশের ওপর চড়াও হন এবং হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশের হেফাজত থেকে ওই ইউপি সদস্যকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।

​ঘটনার পর পুলিশি অভিযানে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা এবং শহিদুল ইসলাম (২৮)।

​ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ পলাতক অন্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।