বরিশাল প্রতিনিধি,
বরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশনের কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার। সোমবার দুপুরে চার লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, সোমবার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্বজনেরাসহ সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়ির নিকটবর্তী একটি জঙ্গল থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে মহিউদ্দিনের কোনো খোঁজ মেলেনি।
সহকর্মীদের মতে, মহিউদ্দিন অত্যন্ত নম্র, ভদ্র ও দায়িত্বশীল একজন কর্মচারী ছিলেন। তাঁর এমন হঠাৎ অন্তর্ধানে পরিবার ও সহকর্মীদের মাঝে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ কর্মচারীকে দ্রুত উদ্ধার এবং পুরো ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।