নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর জুলাই ইউকে’। সেই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহির দাবি তুলেছে সংগঠনটি।

​বুধবার (১১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তালহা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

​বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, পলাতক নেতাদের কর্মসূচির জেরে ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত বাসচালক কালাচাঁন শেখের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক হাসিব আল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা এবং দেশের বিভিন্ন স্থানে গণপরিবহনে হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবক্ষয়কে স্পষ্ট করে।

​সংগঠনটি ক্ষোভ প্রকাশ করে জানায়, নাশকতার আশঙ্কা থাকা সত্ত্বেও জনগণের জানমাল রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের অভাব ছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের মূল প্রত্যাশাই ছিল নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা। রাজনৈতিক কর্মসূচির নামে এ ধরনের অগ্নিসন্ত্রাস ও জনজীবন বিপন্ন করার কোনো সুযোগ নেই।

​বিবৃতিতে অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত বাসচালকের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিতের জোর দাবি জানানো হয়।