বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক,
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মালিকানাধীন ভূমি ব্যবহারের লক্ষ্যে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটি, বরিশালের সঙ্গে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ১১ নভেম্বর, বুধবার নগরভবনে বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির প্রতিনিধিদের এক যৌথ সভায় উভয় পক্ষের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির পক্ষে সংস্থার পালক পুরোহিত ফাদার লরেন্স লেকাতলী গোমেজ উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিনসহ বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্যাথলিক ডাইওসিস সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিসিসি সূত্র জানায়, এই চুক্তির মাধ্যমে বিসিসির মালিকানাধীন নির্দিষ্ট ভূমি নিয়মমাফিক ক্যাথলিক ডাইওসিস সোসাইটির বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের সুযোগ সৃষ্টি হলো।
