রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় প্রাণ হারিয়েছেন দুই নারী। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড় ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনের সড়কে (ইনকামিং অংশ) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ‘চাঁদনি ট্রাভেলস’ পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি পথচারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।

​দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) দিরাজ নন্দি। তিনি জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।

​নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।