বরিশাল নগরীর চারটি প্রধান সরকারি কলেজে তীব্র আবাসনসংকট দেখা দিয়েছে। প্রায় ৬৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবাসিক আসন রয়েছে মাত্র ১ হাজার ৮০০টি। এর ফলে ৯৭ শতাংশের বেশি শিক্ষার্থী কোনো ধরনের আবাসিক সুবিধা ছাড়াই পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে গিয়ে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মে ৬০ শতাংশ ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক হওয়ায় নগরীতে থাকা আবশ্যক হয়ে পড়েছে, অথচ আর্থিক অসচ্ছলতা ও আবাসনসংকটের কারণে অনেকে নিয়মিত ক্লাসে অংশ নিতে পারছেন না।
পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ বিদ্যাপীঠ ব্রজমোহন (বিএম) কলেজে প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর বিপরীতে ৬টি হলে আসন রয়েছে মাত্র ১ হাজার ২০০টি। গত ৩৭ বছরেও কলেজটিতে নতুন কোনো হল নির্মিত হয়নি এবং বর্তমান জরাজীর্ণ হলগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণ শিক্ষার্থী গাদাগাদি করে থাকছেন। অবস্থা আরও শোচনীয় সরকারি বরিশাল কলেজে; যেখানে প্রায় ৯ হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও তাদের জন্য কোনো আবাসিক হলের অস্তিত্ব নেই। এছাড়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে প্রায় ১১ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০০ জন এবং সরকারি মহিলা কলেজে প্রায় ১১ হাজার ছাত্রীর মধ্যে মাত্র ৫০০ জন আবাসিক সুবিধা পাচ্ছেন।
এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ জানান, বর্তমান হলগুলো সংস্কার এবং আবাসন সংকট নিরসনে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান জানান, অপ্রতুল আসনসংকট দূর করতে নতুন একটি আবাসিক হল নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে। দ্রুত নতুন হল নির্মাণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার করা না হলে আগামীতে উচ্চশিক্ষার এই সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।