নিজস্ব প্রতিবেদক

মা ইলিশ রক্ষায় সরকারের চলমান কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নদ-নদীতে অবাধে চলছে ইলিশ ধরার মহোৎসব। স্থানীয় প্রশাসনের দৃশ্যমান নিষ্ক্রিয়তা ও অপারগতার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং জনগণের মাঝে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

​সরকার নির্ধারিত ইলিশ শিকার বন্ধের এই সময়ে স্থানীয় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ ও হিজলা এলাকার বিভিন্ন পয়েন্টে মাছ ধরার নৌকা প্রতি ৫ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। এছাড়া জেলেদের মাছ বিক্রির মোট টাকার ওপর শতকরা ৩০ টাকা এবং মাছ কিনতে আসা পাইকারদের কাছ থেকে শতকরা ২০ টাকা হারে চাঁদা বা টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবী জানান, প্রশাসনের চোখের সামনে এই অবৈধ কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সরকারের জনকল্যাণমূলক এই উদ্যোগকে একটি চক্র নিজেদের পকেট ভারী করার হাতিয়ার হিসেবে ব্যবহার করায় সরকারের অর্জন ও ভাবমূর্তি দারুণভাবে ভূলুণ্ঠিত হচ্ছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতনমহল ও সাধারণ জনগণ নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মো. রাজিব আহসানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে এই অপকর্মের সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

​স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই চাঁদাবাজ সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে। এলাকার সাধারণ মানুষের দৃঢ় বিশ্বাস, বর্তমান সরকারের নীতিনির্ধারকদের কঠোর অবস্থানের মাধ্যমেই অচিরেই এই অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।