- নিজস্ব প্রতিবেদক
সারাদেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২১৩ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১ হাজার ৭৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে। অন্যদিকে, গত একদিনে ল্যাব বা চিকিৎসাগতভাবে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে গত সাত মাসে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৭১২ জনে।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার চিত্রে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা না ঘটলেও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এতে করে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ জনে। আর এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন মোট ১০৪ জন।