আন্তর্জাতিক ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ব্যাপক অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে চীন। দেশটির উলাঞ্চাব শহরকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে বিশাল ডেটা সেন্টার। চীনা সরকারের পরিকল্পনা অনুযায়ী এই একটি অঞ্চলেই নির্মাণ করা হবে প্রায় ৯০টি ডেটা সেন্টার।

​উলাঞ্চাবে বাস্তবায়নাধীন ‘এনভিশন গ্যালাক্সি ক্যাম্পাস’ নামের প্রকল্পটি আয়তনে প্রায় ২০টি ফুটবল মাঠের সমান। পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর জোর দিয়ে এই সেন্টারের ৮০ শতাংশের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হবে নিজস্ব উইন্ড ফার্ম বা বায়ুবিদ্যুৎ কেন্দ্র থেকে। ইতোমধ্যেই মাত্র দুই বছরে সেখানে গড়ে উঠেছে ‘বায়িন বিগ ডেটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক’, যা চীনের দ্রুত অবকাঠামো নির্মাণের ক্ষমতার একটি বড় উদাহরণ।

​মার্কিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, এআই ডেটা সেন্টার ও কম্পিউটিং ক্ষমতার দিক থেকে চীন এখনো যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে এবং মার্কিন সক্ষমতা চীনের প্রায় ১০ গুণ। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে সর্বাধুনিক চিপ ব্যবহারের অবাধ সুবিধা। তবে জমি, সস্তা পরিবেশবান্ধব জ্বালানি এবং দ্রুত বাস্তবায়নের সুবিধা কাজে লাগিয়ে চীন নিজস্ব শক্তিমত্তা জোরদার করছে।

​উন্নত চিপের সরবরাহ ঘাটতি থাকা সত্ত্বেও চীন তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে নবায়নযোগ্য ও সস্তা বিদ্যুৎ দিয়ে। আগামী পাঁচ বছরে নিজেদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অবকাঠামো আরও মজবুত করতে দেশটিতে প্রায় ৫৬ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।