টিকাগ্রহণের হার এবং পরিধি বাড়াতে ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকার আওতায় আনার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপদেষ্টা দল।

​জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কাজ করা ডব্লিউএইচওর টিকাদানবিষয়ক কৌশলগত উপদেষ্টা গোষ্ঠী (সেজ)-এর চেয়ারম্যান অ্যান্থনি স্কট সম্প্রতি এই সুপারিশ জানান।

​বর্তমানে বিশ্বের প্রায় ১৬৫টি দেশে এইচপিভি টিকা চালু রয়েছে। তবে বৈশ্বিক লক্ষ্যমাত্রা ৯০ শতাংশ হলেও বিশ্বজুড়ে টিকাদানের হার মাত্র ৩৩ শতাংশ। এ লক্ষ্যমাত্রা অর্জনে ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এক ডোজ টিকা দেওয়াকেই সবচেয়ে কার্যকর পদ্ধতি বলে মনে করছেন গবেষকেরা। সেজ-এর মতে, ৯ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের ক্ষেত্রে এক ডোজের এই টিকাদান কর্মসূচিকে সবসময়ই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। তবে যেসব দেশে সার্বিক টিকাদানের আওতা বাড়ানোর সুযোগ রয়েছে, তারা ৪ থেকে ৮ বছর বয়সীদেরও নিয়মিত টিকাদানের বিষয়টি বিবেচনা করতে পারে।

​এছাড়া, অগ্রাধিকারের ভিত্তিতে ২৫ থেকে ৩০ বছর বয়সী নারী, ৯ থেকে ১৪ বছর বয়সী ছেলে এবং পরবর্তীতে ২০ বছর বয়স পর্যন্ত যুবকদেরও এ টিকার আওতায় আনার সুপারিশ করেছে উপদেষ্টা পরিষদ।

​উল্লেখ্য, হিউম্যান প্যাপিলোমাভাইরাসের দীর্ঘস্থায়ী সংক্রমণের ফলে জরায়ুমুখ ক্যানসার দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ২৬টি দেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ এই জরায়ুমুখ ক্যানসার।