
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বিমানবন্দর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে। মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-৩৩৮’ ফ্লাইটের যাত্রীদের উপচে পরা ভিড়ের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। লাগেজ পেতে অতিরিক্ত সময় লাগায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গিয়ে সমাধানের চেষ্টা করেন। এজাহার অনুযায়ী, ওই সময় মেজর (অব.) আখতারুজ্জামান তাকে লক্ষ্য করে গালাগাল ও হুমকি প্রদান করেন।
একই সাথে, তার সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। কর্তব্যরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও করতে নিষেধ করলে, তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তাদের লাঞ্ছনা: দায়িত্ব পালনরত উচ্চপদস্থ ও নিরাপত্তা কর্মকর্তাদের গালাগাল, হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা।
সংরক্ষিত এলাকায় বিধিনিষেধ লঙ্ঘন: বিমানবন্দরের নিষিদ্ধ বা সংরক্ষিত এলাকায় নিয়ম ভেঙে ভিডিও ধারণ।
যাত্রীদের সামগ্রীর ক্ষতিসাধন: ট্রলি থেকে সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধির প্রতি মারমুখী আচরণ।
নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত করা: দেশের প্রধান বিমানবন্দরে সরকারি কাজে বাধার সৃষ্টি করে স্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা ব্যাহত করা।
এসব ঘটনার প্রেক্ষিতে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২২ সালে তাকে পঞ্চম বার বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।