
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইইউ মোট ২৯৫ কোটি ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪০ শতাংশ কম। ইইউর সার্বিক আমদানি কমার হারের তুলনায় বাংলাদেশ থেকে আমদানি কমার হার কিছুটা বেশি। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ ৮৭ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে, যা আগের বছরের চেয়ে ৫ দশমিক ৮৫ শতাংশ কম। বর্তমানে ইইউর মোট ডেনিম বাজারের ২৯ দশমিক ৪০ শতাংশ বাংলাদেশের দখলে রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ইইউর বাজারে দ্বিতীয় শীর্ষ ডেনিম সরবরাহকারী দেশ পাকিস্তান। প্রথম আট মাসে দেশটির রপ্তানি ৭ দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৩ কোটি ইউরোতে (বাজার হিস্যা ১৭.৭৮%)। এছাড়া তুরস্কের রপ্তানি ২১ শতাংশ কমে ৪৪ কোটি ইউরো এবং তিউনিসিয়ার রপ্তানি ৬ দশমিক ৪৪ শতাংশ কমে ২২ কোটি ইউরো হয়েছে। অন্যদিকে কম্বোডিয়া ও মরক্কোর রপ্তানিও যথাক্রমে ৬ দশমিক ৪৭ শতাংশ ও ১৪ দশমিক ৪৮ শতাংশ হ্রাস পেয়েছে।
বাংলাদেশের ঠিক পেছনের দেশগুলোর রপ্তানি কমলেও অন্য প্রতিযোগী দেশগুলো দ্রুত বাজার দখল করছে। ইউরোস্ট্যাটের হিসাবে, প্রথম আট মাসে চীন ১৭ দশমিক ৭০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২০ কোটি ইউরোর এবং মিসর ৩১ দশমিক ৪৬ শতাংশ প্রবৃদ্ধি পেয়ে ২০ কোটি ইউরোর ডেনিম পাঠিয়েছে। ভিয়েতনামের রপ্তানি ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ইউরোতে, আর ভারত ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৩ কোটি ডলারের ডেনিম রপ্তানি করেছে।
তবে বছরের শুরুতে মন্দা থাকলেও একক মাস হিসেবে আগস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ডেনিম খাত। গত আগস্টে বাংলাদেশ থেকে ইইউতে ডেনিম রপ্তানি ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪১ লাখ ইউরোতে পৌঁছেছে। যদিও একই মাসে প্রতিযোগী অন্যান্য দেশের প্রবৃদ্ধির গতি আরও বেশি ছিল—পাকিস্তানের রপ্তানি বেড়েছে প্রায় ১৫ শতাংশ, চীনের সাড়ে ১৭ শতাংশ, কম্বোডিয়ার ১১ শতাংশ, ভিয়েতনামের ৫৬ শতাংশ, ভারতের ৫২ শতাংশ এবং মিসরের সর্বোচ্চ সাড়ে ৫৯ শতাংশ।
সংকট ও প্রতিযোগী দেশগুলোর অগ্রগতির পেছনে মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিল্পসংশ্লিষ্টরা জানান, স্থানীয় কারখানায় গ্যাস ও বিদ্যুতের সংকট এবং উচ্চমূল্যের কারণে বাংলাদেশে উৎপাদন খরচ বাড়ছে। ফলে ক্রেতাদের প্রতিদ্বন্দ্বীতামূলক দাম অফার করা সম্ভব হচ্ছে না। এছাড়া পণ্যের বৈচিত্র্যের অভাবকেও অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভিয়েতনামের মতো দেশগুলো ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করায় এবং ভারত এ সংক্রান্ত আলোচনার চূড়ান্ত পর্যায়ে থাকায় ক্রেতারা সেসব দেশের দিকে ঝুঁকছেন। ভবিষ্যতে এলডিসি উত্তরণের পর জিএসপি সুবিধা হারালে শুল্কমুক্ত বাজার বজায় রাখতে বাংলাদেশেরও কৌশলগত এফটিএ সম্পাদন করা জরুরি হয়ে পড়বে।