
ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে একটি ত্রাণকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে উদ্ধারকর্মী ও পুলিশের সদস্যরা রয়েছেন। এছাড়া আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিহত ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বর্তমানে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা বিভাগ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কোমিশুভাখা গ্রামের একটি বন্ধ স্কুলে পরিচালিত আশ্রয়কেন্দ্রে সোমবার প্রতি সপ্তাহের মতো সাধারণ মানুষ মানবিক সহায়তার প্যাকেট নিতে জড়ো হয়েছিলেন। ওই সময়ই রুশ বাহিনী পরপর দুবার বোমা হামলা চালায়। জেলেনস্কি এই ঘটনাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই দিনে খারকিভ ও ওদেসাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলায় আরও অনেকে আহত হয়েছেন।
অন্যদিকে, এই হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র জানিয়েছে যে যুদ্ধ বন্ধে আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আবুধাবির এই বৈঠকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা চুক্তি, উত্তেজনা প্রশমন ও যুদ্ধের অবসানের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
আসন্ন শীতের আগে এবং যুদ্ধের প্রেক্ষাপটে আলোচনায় বড় ধরনের অগ্রগতির আশা করছেন মার্কিন মধ্যস্থতাকারীরা। এদিকে, রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।