
সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুথি বাহিনীর হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়ে গেছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শুক্রবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার গ্রিনিচ মান সময় ১টা ২২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বেড়ে ১১৫ ডলার ৭৪ সেন্টে পৌঁছায়। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে দাঁড়ায়।
এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরান সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। অন্যদিকে, হরমুজ প্রণালির দক্ষিণে তিনটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত হেনে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এসব ঘটনার কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে।