
‘আমি বাবা বলে কাকে ডাকব?’—ছয় বছরের শিশু তুবার এই আকুল প্রশ্নের কোনো উত্তর জানা নেই কারো। চার বছরের ছোট ভাই আবু হুরাইরা অবুঝ চোখে শুধু চারিদিকে তাকাচ্ছে; সে হয়তো এখনো বুঝতেই পারেনি, তার বাবা আর কোনোদিন ঘরে ফিরবেন না। ১০ বছরের নুসরাতের একটাই কান্না—বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। আর সবার বড় ১৪ বছরের ফাতেমার চোখে-মুখে অন্ধকার ভবিষ্যৎ; বাবাকে হারিয়ে এখন সে চিন্তিত—তাদের পড়াশোনা ও সংসার চলবে কীভাবে?
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কাওসার হাওলাদারকে নির্মমভাবে হত্যার পর তাঁর চার অবুঝ সন্তানকে নিয়ে এক চরম অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী সাগরী বেগম। পুরো পরিবারজুড়ে এখন শুধুই স্বজনদের শোক আর আহাজারি। শোকসন্তপ্ত পরিবারের একটাই দাবি—কাওসার হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
এদিকে কাওসার হত্যার বিচারে রোববার বিকেলে উপজেলার একতার বাজারে সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিহত কাওসারের স্বজন ও শত শত স্থানীয় বাসিন্দা এতে অংশ নেন। তাঁদের হাতে ছিল ‘কাওসার হত্যার বিচার চাই’, ‘দোষীদের ফাঁসি চাই’ এবং ‘সাতলা রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি বিচারবিভাগীয় দাবিসম্বলিত প্ল্যাকার্ড।
কান্নায় ভেঙে পড়ে সাগরী বেগম বলেন, ‘আমার নির্দোষ স্বামীকে যারা কুপিয়ে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। আমার পরিবারে উপার্জনের আর কেউ রইল না, এই ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব?’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে এলাকার দুই পক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে ওই দিন রাত সাড়ে নয়টার দিকে উজিরপুরের পশ্চিম সাতলা এলাকার শাহ আলমের চায়ের দোকানের সামনে কাওসার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সমাজসেবক মো. আবদুল হক হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাওলাদার, হামলায় আহত যুবদল নেতা রাশেদ আমিন হাওলাদার, নিহতের মেজো ভাই মোস্তফা হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, সাবেক ইউপি সদস্য এনামুল হাওলাদার এবং সাতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদার, নিহতের স্ত্রী সাগরী বেগমসহ পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অবিলম্বে কাওসার হাওলাদারের খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।