
নিজস্ব প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল):
বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে দুই জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং দুই কেজি ইলিশ জব্দ করা হয়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলার সুগন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন,উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মাসুম ঘরামী (৩৫) এবং ফারুক (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপরাধের মাত্রা অনুযায়ী আদালত মাসুম ঘরামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং অপর জেলে ফারুককে ৭ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং বাবুগঞ্জ থানা-পুলিশের একটি টিম।
অভিযানে জব্দ করা প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
প্রশাসন জানিয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এবং সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।