যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারেন রেকর্ড সংখ্যক ‘স্বতন্ত্র’ ভোটার
রিপোর্টার :
আপডেট সময় :
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
/
৫৮
বার পঠিত
/
শেয়ার করুন
সংবাদটি শেয়ার করুন....
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারেন রেকর্ড সংখ্যক ‘স্বতন্ত্র’ ভোটার
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—দুই প্রধান দলের ভাগ্য নির্ধারণে মূল নিয়ামক বা ট্রাম্পকার্ড হয়ে উঠতে পারেন দেশটির স্বতন্ত্র ভোটাররা। দেশটিতে রাজনৈতিকভাবে স্বতন্ত্র পরিচয় দেওয়া ভোটারের সংখ্যা এখন রেকর্ড পর্যায়ে—প্রায় ১১ কোটি ৭০ লাখ বা ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক নিজেদের কোনো দলের সঙ্গে যুক্ত দেখতে চান না। দোদুল্যমান ভোটার ও পছন্দের ঝোঁক ভোটারদের ৪৪ শতাংশ নিজেদের স্বতন্ত্র বললেও বড় অংশেরই মনস্তাত্ত্বিক ঝোঁক দুই প্রধান দলের যেকোনো একটির দিকে। কোনো দলের প্রতি একেবারেই পক্ষপাত নেই—এমন ‘প্রকৃত স্বতন্ত্র’ বা সুইং ভোটার মোট ভোটারের মাত্র ৭ থেকে ১০ শতাংশ। কিন্তু এই সামান্য অংশই মূলত শেষ মুহূর্তে বিজয়ী নির্ধারণ করেন। জরিপ...
৩৮
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—দুই প্রধান দলের ভাগ্য নির্ধারণে মূল নিয়ামক বা ট্রাম্পকার্ড হয়ে উঠতে পারেন দেশটির স্বতন্ত্র ভোটাররা। দেশটিতে রাজনৈতিকভাবে স্বতন্ত্র পরিচয় দেওয়া ভোটারের সংখ্যা এখন রেকর্ড পর্যায়ে—প্রায় ১১ কোটি ৭০ লাখ বা ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক নিজেদের কোনো দলের সঙ্গে যুক্ত দেখতে চান না।
দোদুল্যমান ভোটার ও পছন্দের ঝোঁক
ভোটারদের ৪৪ শতাংশ নিজেদের স্বতন্ত্র বললেও বড় অংশেরই মনস্তাত্ত্বিক ঝোঁক দুই প্রধান দলের যেকোনো একটির দিকে। কোনো দলের প্রতি একেবারেই পক্ষপাত নেই—এমন ‘প্রকৃত স্বতন্ত্র’ বা সুইং ভোটার মোট ভোটারের মাত্র ৭ থেকে ১০ শতাংশ। কিন্তু এই সামান্য অংশই মূলত শেষ মুহূর্তে বিজয়ী নির্ধারণ করেন। জরিপ সংস্থা মারিস্টের তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র ভোটারদের ৫২ শতাংশের সমর্থন রয়েছে ডেমোক্র্যাটদের পক্ষে, আর রিপাবলিকানদের ঝুলিতে রয়েছে ৩৯ শতাংশ। ডোনাল্ড ট্রাম্পের নীতি ও রাজনীতির প্রতি অসন্তোষ এ ক্ষেত্রে বড় প্রভাব ফেলছে।
দ্বিদলীয় আধিপত্যের মুখে প্রধান বাধা
বিপুল সংখ্যক ভোটার স্বতন্ত্র পরিচয় দিলেও মূল নির্বাচনে স্বতন্ত্র বা তৃতীয় দলের প্রার্থীদের জয়ী হওয়ার হার খুবই কম। বিশ্লেষকদের মতে, এর পেছনে মূল কারণগুলো হলো:
নির্বাচনি ব্যবস্থা: যুক্তরাষ্ট্রে ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ (যে বেশি ভোট পাবে সেই জিতবে) পদ্ধতি থাকায় সারাদেশে ছড়ানো স্বতন্ত্র ভোট আসন জয়ে রূপ নেয় না।
ভোট নষ্টের ভয়: সাধারণ ভোটাররা মনে করেন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। ফলে শেষ মুহূর্তে তারা দুই প্রধান দলের সম্ভাব্য বিজয়ী প্রার্থীকেই বেছে নেন।
বিপুল অর্থের বৈষম্য: রাষ্ট্রীয় আর্থিক সহায়তা না থাকা এবং প্রচার খরচে সীমা না থাকায় মূল লড়াই হয়ে ওঠে অর্থের। ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টি যেখানে শত শত মিলিয়ন ডলারের ফান্ড তুলছে, সেখানে টাকার অভাবে প্রচারেই পি পিছিয়ে পড়েন স্বতন্ত্র প্রার্থীরা।
যেখানে চমক দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা
কঠিন বাস্তবতা সত্ত্বেও সাবেক ডেমোক্র্যাট সিনেটর জো মানচিনের ‘ইন্ডিপেনডেন্ট লিডারশিপ কাউন্সিল’-এর মতো তহবিল সংগ্রহের উদ্যোগ এবং পরিচিত প্রার্থীদের কারণে ২০২৬ সাল স্বতন্ত্রদের জন্য শক্তিশালী এক বছর হতে যাচ্ছে।
নেব্রাস্কা: সাবেক নৌসেনা ড্যান অসবর্ন রিপাবলিকান প্রার্থী পিট রিকেটসকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে ফেলেছেন। ডেমোক্র্যাটদের নিজস্ব প্রার্থী না থাকায় অসবর্নের জয়ের সম্ভাবনা এখন সবচেয়ে উজ্জ্বল।
মন্টানা ও ক্যালিফোর্নিয়া: ক্যালিফোর্নিয়ায় দল ছেড়ে স্বতন্ত্র হওয়া কেভিন কিলি এবং মন্টানায় সেনা কর্মকর্তা শেঠ বডনার নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করেছেন।
মেইন: মেইনের গভর্নর পদে লড়ছেন সাবেক রিপাবলিকান চেয়ারম্যান রিক বেনেট। জয়ী হলে তিনি হবেন অঙ্গরাজ্যটির ইতিহাসে তৃতীয় স্বতন্ত্র গভর্নর।
আইডাহো বা সাউথ ডাকোটার মতো রিপাবলিকানদের তথাকথিত ‘নিরাপদ’ আসনগুলোতেও স্বতন্ত্রদের উপস্থিতির কারণে মূল দুই দলকে অতিরিক্ত অর্থ ও সময় ঢালতে হচ্ছে। দিনশেষে কজন স্বতন্ত্র প্রার্থী আইনসভায় পৌঁছাবেন তা দেখার বিষয় হলেও, তারা যে মার্কিন রাজনীতিতে নীতি পরিবর্তন ও ডেমোক্র্যাট-রিপাবলিকানদের জবাবদিহিতার জায়গায় বড় ধরনের চাপ সৃষ্টি করছেন—তা নিশ্চিত।