
নিজস্ব প্রতিবেদক
৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় দাবা (বালিকা) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশালের মেয়ে জান্নাতুল প্রীতি। টানা মেধা, বিচক্ষণ কৌশল ও ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে সে এ সাফল্য ছিনিয়ে আনে। প্রীতি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী।
কুমিল্লায় আয়োজিত জাতীয় পর্যায়ের এ মূল প্রতিযোগিতায় দেশের অন্যান্য অঞ্চল থেকে আসা সেরাদের হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রীতি। মেধা ও নিখুঁত কৌশলে প্রতিটি রাউন্ডেই প্রতিপক্ষদের ওপর প্রাধান্য বিস্তার করে চাল চালেন এই উদীয়মান দাবাড়ু।
প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন জান্নাতুল প্রীতির হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খন্দকার মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়া টানা পাঁচবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য ধরে রাখার অনন্য রেকর্ড গড়ায় প্রীতিকে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রীতির এই অভূতপূর্ব সাফল্যে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারসহ গোটা দক্ষিণাঞ্চলের শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, পড়াশোনার পাশাপাশি প্রীতি খেলাধুলাতেও দারুণ মনোযোগী। তার এই জাতীয় পর্যায়ের সাফল্য বিদ্যালয়ের ভাবমূর্তি ও মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় প্রীতি নিজের অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার আশাবাদ ব্যক্ত করে।