
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের মুলাদীতে জুয়া খেলা ও জাটকা নিধনে বাধা দেওয়ায় কৃষক মো. শুক্কুর আলী (৪২) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৮ ও এসআরবি-১০-এর একটি যৌথ আভিযানিক দল গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মুলাদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিহত মো. শুক্কুর আলী বরিশাল জেলার মুলাদী থানাধীন গাছুয়া ইউনিয়নের চর ধলেশ্বর এলাকার বাসিন্দা ছিলেন। সরকারি মৎস্য সংরক্ষণ অভিযানে জাটকা ইলিশ নিধনে বাধা দেওয়া এবং কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলা বন্ধে প্রতিবাদ করায় আসামিরা তাঁর ওপর চরম ক্ষুব্ধ ছিল। এছাড়া স্থানীয় প্রভাব বিস্তার নিয়েও তাঁদের মধ্যে পূর্ববিরোধ চলে আসছিল।
গত বুধবার (১৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে কৃষ্ণপুর এলাকার একটি দোকানে চা পান শেষে বাড়ি ফেরার পথে মিরাজের চায়ের দোকানের সামনে তাঁর ওপর হামলা চালানো হয়। পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা শুক্কুর আলীর ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুলাদীর মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।