
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর সাময়িকভাবে বন্ধ থাকা সৌদি আরবের রিয়াদের ‘কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর’-এর ১ ও ২ নম্বর টার্মিনাল রবিবার (২৫ অক্টোবর) থেকে পুনরায় চালুর ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রবিবার থেকে ১ নম্বর টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট এবং ২ নম্বর টার্মিনাল দিয়ে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটসমূহ পরিচালিত হবে। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বিমানবন্দরে রওয়ানা হওয়ার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের মাধ্যমে নিজ নিজ ফ্লাইটের আপডেট জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের একাধিক কৌশলগত, সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের এই অভিযানের প্রধান লক্ষ্যবস্তু ছিল রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়ানবুতে অবস্থিত সৌদির শীর্ষ তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা। এছাড়া রাবিগ তেল শোধনাগার এবং দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
হুথি মুখপাত্র আরও জানান, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটিও তাদের হামলার তালিকায় ছিল। বিমানবন্দরটিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ আখ্যা দিয়ে হুথিরা বিমান সংস্থা, কর্মী ও সাধারণ যাত্রীদের সেখানে যাতায়াত না করার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে।
মধ্যপ্রাচ্যের উদ্ভূত ও পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রেখে সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি গন্তব্যে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ‘এয়ার ইন্ডিয়া’ ও ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’।
বিমান সংস্থা দুটির বিজ্ঞপ্তি অনুযায়ী:
ফ্লাইট বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিনা খরচে নতুন করে বুকিং নেওয়া কিংবা টিকিটের পুরো অর্থ ফেরত (রিফান্ড) নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।