
বিশেষ প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওসার হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘাতকদের গ্রেপ্তারের পাশাপাশি মামলায় অভিযুক্ত দুই আসামির বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যার পর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে হত্যা মামলার প্রধান আসামি সজল মোল্লা এবং ভরচ্ছন্ন এলাকার নান্না মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে যোগাযোগের পথ সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি, ফলে একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাতলা-কান্দি সড়কের সীমান্ত এলাকায় কাওসার হাওলাদার ও ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ আমিনের ওপর ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। আত্মরক্ষার্থে তাঁরা পাশের এক বাড়িতে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং খাটের নিচে লুকিয়ে থাকা কাওসারকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।
পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার ৯:
হত্যাকাণ্ড ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার পথে শুক্রবার রাতেই প্রযুক্তির সহায়তায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সজল মোল্লা, শামীম মোল্লা, তরিকুল ইসলাম, সোহাগ, সাগর শেখ, হাসিব শেখ, হাবিব শেখ, মাহাবুবুর রহমান ও শরীফ হোসেন।
শনিবার নিহতের মেজ ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। জানাজা শেষে কাওসারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বর্তমানে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।