
ভারতের দিল্লিতে স্বেচ্ছানির্বাসনে থাকা আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। সম্প্রতি লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এসংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তাঁর পক্ষ থেকে সরকারি পর্যায়ে প্রথম কোনো আনুষ্ঠানিক উদ্যোগ।
হাইকমিশনে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও দেশের নাগরিক অধিকারের বিষয়টি বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে তাঁকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আত্মপক্ষ সমর্থন ও আদালতে বিচারাধীন মামলায় বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে ফিরতে চান। আগামী ডিসেম্বরের মধ্যে তাঁর দেশে ফেরার একটি সম্ভাব্য পরিকল্পনা রয়েছে। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় ভ্রমণ নথি হাতে পাওয়া সাপেক্ষেই চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমনে অন্যায্য ও প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ার অভিযোগে গঠন করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে তিনি নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সরকারের তরফ থেকে ইতোমধ্যেই আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং দলটির শীর্ষপর্যায়ের বহু নেতা-কর্মী কারাগারে কিংবা বিদেশে অবস্থান করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই প্রত্যাবর্তনের উদ্যোগ যেমন অভ্যন্তরীণ রাজনীতি ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে, তেমনি ভারত-বাংলাদেশের বিদ্যমান শীতল সম্পর্কেও একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে।