
জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই নির্দেশ দেন।
বিকেল ৩টা ৫০ মিনিটে কড়া পুলিশি পাহারায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী তাঁর শারীরিক অসুস্থতা ও বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে কারাবিধি অনুযায়ী ডিভিশন বরাদ্দের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করে বলেন, তিনি শেখ হাসিনার দোসর হিসেবে অনৈতিক সুবিধা ও টিভির লাইসেন্স বাণিজ্য করেছেন এবং আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছেন, তাই তিনি ডিভিশন পাওয়ার যোগ্য নন।
উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, জেল কোড অনুযায়ী আসামি যে সুবিধার পাওয়ার যোগ্য, তিনি সেটাই পাবেন।
এর আগে বুধবার বিকেলে মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী বউবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ১৮ বছরের তরুণ আরিফ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে ৫৩ নম্বর আসামি করা হয়েছে।