
আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনীর’ একটি সামরিক প্রশিক্ষণশিবিরে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৫৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।
স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক সূত্রের বরাতে জানা যায়, সোমবার শাবওয়া প্রদেশের ‘আল-আলম’ নামক সামরিক শিবিরে নতুন রিক্রুট হওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলাকালে এ হামলা চালানো হয়। প্রশিক্ষণরত সেনাদের লক্ষ্য করে পর পর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বাহিনী।
হামলার প্রাথমিক তথ্যে ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার কথা জানানো হলেও, পরবর্তীতে চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র ও সরকারি কর্মকর্তারা নিহতের সংখ্যা বেড়ে ৫৩ এবং আহতের সংখ্যা ২০০ জন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, চাপগ্রস্ত হয়ে হুথিরা এখন সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে। তিনি এ হামলার কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অন্যদিকে, রাজধানী সানা থেকে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করে জানান, সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি জোট বা সরকারি বাহিনীর উপস্থিতি রয়েছে—এমন যেকোনো সামরিক ঘাঁটি তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এবং এ ধরনের হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২২ সালের যুদ্ধবিরতির পর ইয়েমেনের গৃহযুদ্ধ কিছুটা স্থিমিত থাকলেও সাম্প্রতিক আঞ্চলিক ভূ-রাজনীতি ও লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত ফের তীব্র রূপ ধারণ করেছে। হুথিদের অগ্রযাত্রা রুখতে সরকারি বাহিনী সম্প্রতি ‘ডন অব ইয়েমেন’ শীর্ষক পাল্টা অভিযান শুরু করে। এর জবাবে সৌদি আরবের অভ্যন্তরেও রিয়াদ বিমানবন্দর ও তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে আনসার আল্লাহ নামে পরিচিত এই হুথি গোষ্ঠীটি।