
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া শুক্কুর আলী টঙ্গী পূর্ব থানার আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার বাসিন্দা হান্নান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্কুর আলী নতুন বাজার রেলগেট এলাকায় অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একটি দল গত শনিবার মধ্যরাতে সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, শুক্কুর আলীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।