
টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) নিজ গ্রাম ফরিদপুরের নগরকান্দায় তার দাফন সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এসে পৌঁছায়। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে মরদেহটি তিতাসের গ্রামের বাড়ি লস্করদিয়া এলাকার আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলার সময় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস। পরবর্তীতে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এই অকাল মৃত্যুর ঘটনায় তিতাসের গ্রামের বাড়িতে শোকের কালো ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার মা সম্পূর্ণ বাকরুদ্ধ এবং স্বামী হারিয়ে দিশেহারা স্ত্রী। স্বজনদের হৃদয়বিদারক কান্নায় পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।