
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দিন দিন বাড়লেও এর পেছনে লুকিয়ে থাকা পরিবেশগত খরচ নিয়ে আলোচনাও কম হচ্ছে না। বিশেষ করে চ্যাটজিপিটির মতো এআই টুলগুলোকে সচল রাখতে এবং তথ্য প্রক্রিয়াজাত করতে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। তবে এআইয়ের এই পানি খরচ নিয়ে সম্প্রতি এক ভিন্ন তথ্য জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তাঁর দাবি, ইন্টারনেটে এআইয়ের পানি ব্যবহার নিয়ে যেসব তথ্য প্রচার করা হয়, বাস্তবে তার অনেকটাই সঠিক নয়।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টমস হার্ডওয়্যারের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সৌর্সের পডকাস্টের একটি পর্বে অ্যালেক্স হিথের সঙ্গে আলোচনায় এ বিষয়গুলো তুলে ধরেন স্যাম অল্টম্যান। সেখানে তিনি জানান, ক্যালিফোর্নিয়ায় কেবল একটি বাদাম উৎপাদনে যে পরিমাণ পানি খরচ হয়, সেই সমপরিমাণ পানি দিয়ে চ্যাটজিপিটিকে প্রায় ৩৮ হাজার প্রশ্ন করা সম্ভব। অল্টম্যানের মতে, এই হিসাব কেবল ডেটা সেন্টারে সরাসরি খরচ হওয়া পানির নয়, বরং সামগ্রিক পানি ব্যবহারের হিসাব ধরেই করা হয়েছে।
অবশ্য এই পরিসংখ্যানটি পুরোপুরি নিশ্চিত নয় বলে নিজেই স্বীকার করেছেন স্যাম অল্টম্যান। তিনি জানান, সংখ্যাটি তাঁর স্মৃতি থেকে বলা এবং সঠিক হিসাব সামনে না থাকায় এতে কিছুটা ভুলও থাকতে পারে।
অন্যদিকে, ২০১৯ সালে ‘ইকোলজিক্যাল ইন্ডিকেটরস’ নামক একটি সাময়িকীতে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় একটি বাদাম উৎপাদনে গড়ে প্রায় ১২ লিটার পানির প্রয়োজন হয়। এই হিসাবের মধ্যে শুধু গাছের সেচ নয়, বরং বৃষ্টির পানি এবং উৎপাদন প্রক্রিয়ার অন্যান্য প্রভাবও যুক্ত রয়েছে। এর মধ্যে কেবল সেচের জন্য সরাসরি মিঠাপানির প্রয়োজন হয় গড়ে প্রায় ৬ দশমিক ৩ লিটার।
সব মিলিয়ে, এআইয়ের পরিবেশগত প্রভাব নিয়ে নানা বিতর্ক থাকলেও স্যাম অল্টম্যানের এই তুলনা প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।